ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর। ফলে পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, ওয়াশিংটন তেহরানে হামলা চালাতে পারে। এই আবহে পাল্টা জবাব দিল ইরান। তেহরানের এক আধিকারিক বলেন, হামলা করলে তারাও প্রত্যাঘাত করতে প্রস্তুত।
ইরানের ওই আধিকারিক বলেন, আমাদের ভূখণ্ডে ছোট-বড় যে কোনও ধরণের হামলা চালানো হোক না কেন। তা যুদ্ধ হিসাবে দেখা হবে। শুধু তাই নয়, তাঁর হুঁশিয়ারি হামলার পাল্টা দেওয়া হবে। বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, ‘পশ্চিম এশিয়ার দিকে আমাদের অনেক যুদ্ধজাহাজ যাচ্ছে। যদি দরকার পড়ে, তাই। আমি চাই না কিছু হোক, কিন্তু আমরা ইরানকে নজরে রেখেছি।’ মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের ওই আধিকারিক বলেন, ‘আমরা আশা করি, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির পিছনে প্রত্যক্ষ যুদ্ধের কোনও উদ্দেশ্য নেই। তবে আমাদের সেনা সব রকম পরিস্থিতির জন্য তৈরি আছে। সেই কারণেই ইরানে এখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘ওয়াশিংটনের যে কোনও হামলাকে সম্পূর্ণ যুদ্ধ হিসাবেই বিবেচনা করব আমরা। তার কঠোরতম জবাবও দেওয়া হবে। ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র লঙ্ঘন করে, আমরা পাল্টা আঘাত করবই।’
উল্লেখ্য, এর আগেও ইরানে হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর তেহরানের পরমাণু প্রকল্পের বিরোধিতা করে হামলা চালিয়েছিল ওয়াশিংটন। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিলই। সম্প্রতি ইরানে খামেইনি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে বহু বিক্ষোভকারীকে হত্যা করে পুলিশ। পাল্টা হিংসায় মৃত্যু হয় একাধিক প্রশাসনিক আধিকারিকের। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন ট্রাম্প।
