ওঙ্কার ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলে ব্রেসিয়ার কাছে এ২১ করদামোল্লে-ওস্পিতালে হাইওয়েতে ২৩ জুলাই বুধবার ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মর্মান্তিক সেই মুহূর্ত—একটি ছোট বিমান আচমকা নাকের দিক দিয়ে হাইওয়েতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই এক বিশাল আগুনের গোলায় পরিণত হয়। মুহূর্তের মধ্যে একাধিক গাড়ি আগুনে জড়িয়ে পড়ে। বিমানটিতে থাকা ৭৫ বছর বয়সি আইনজীবী সের্জিও রাভালিয়া এবং তাঁর ৫৫ বছর বয়সি স্ত্রী ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বিমানটি উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বলে খবর।
ভয়াবহ এই দুর্ঘটনায় হাইওয়ের উপর থাকা দুটি গাড়ি আগুনের গ্রাসে পড়ে। একটি গাড়ির চালক মারাত্মকভাবে দগ্ধ হন এবং তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজন চালককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন হাইওয়েতে তড়িঘড়ি ব্রেক কষে আরও কয়েকটি গাড়ি বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে।
দুর্ঘটনার পরই দমকল, পুলিশ ও অ্যাম্বুলেন্সের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে ওই ব্যস্ত হাইওয়ে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা স্বাভাবিক করা হয়। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যস্ত হাইওয়েতে কীভাবে বিমানটি নেমে আসে এবং ধাক্কা লেগেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই কাছাকাছি থাকা গাড়িগুলি আতঙ্কে ছুটোছুটি শুরু করে, কেউ কেউ খুব কাছাকাছি থেকেও বিস্ফোরণ থেকে বেঁচে যায়।
এদিকে একদিনের ব্যবধানে রাশিয়ার আমুর অঞ্চলেও একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতার অভাবে অবতরণের সময় ক্রুদের সিদ্ধান্তগত ভুলই হতে পারে সেই দুর্ঘটনার কারণ। একই দিনে দুই দেশে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে শোকের ছায়া সর্বত্র।
