ওঙ্কার ডেস্ক: বিহারে বিধানসভা নির্বাচনের আগে দলবিরোধী কাজের অভিযোগ জেডিইউ এর নেতাদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল সে কারণে এক প্রাক্তন মন্ত্রী-সহ ১১ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা দলের আদর্শকে অমান্য করেছে বলে অভিযোগ।
১১ নেতাকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেডিইউ রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার সিং। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ্যে ১১ জন নেতা দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার বিষয়টি জানতে পেরে দল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।’ বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী শৈলেশ কুমার, প্রাক্তন বিধায়ক শ্যাম বাহাদুর সিং এবং সুদর্শন কুমার এবং প্রাক্তন এমএলসি সঞ্জয় প্রসাদ এবং রণবিজয় সিং।
এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বর্ষীয়ান জেডিইউ নেতা বলেন, ‘এই বহিষ্কৃত নেতারা দলের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রার্থী এবং এনডিএ জোটের অন্যান্য শরিকদের বিরুদ্ধে কাজ করছিলেন। তারা আমাদের আদর্শকে অমান্য করছিলেন।’ উল্লেখ্য, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন আগামী ৬ নভেম্বর। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর।
