ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের নতুন উপসভাপতি হিসেবে জন বারলাকে নিয়োগ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে সরকারি নির্দেশিকা জারি করে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, নিয়োগপত্র ই-মেলের মাধ্যমে জন বারলার কাছে পৌঁছয় এবং তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।
টিএমসিতে যোগ দেওয়ার পর এটাই তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব। ২০১৯ সালে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন জন বারলা। পরে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে দল বদল করেন তিনি এবং ২০২৫ সালের মে মাসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দলবদলের সময়ে তিনি অভিযোগ করেছিলেন, বিজেপি আদিবাসী ও চা-বাগান এলাকার মানুষদের উপেক্ষা করেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর জন বারলা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা পাওয়া তাঁর কাছে বড় সম্মানের। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন, নিরাপত্তা এবং সামাজিক ক্ষমতায়নই তাঁর কাজের মূল লক্ষ্য হবে। বিশেষত উত্তরবঙ্গের চা-বাগান অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলিকে বেশি গুরুত্ব দেবেন বলে জানান তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, জন বারলার এই নিয়োগ তৃণমূল কংগ্রেসের কৌশলগত পদক্ষেপ। উত্তরবঙ্গের চা-বাগান ও আদিবাসী এলাকায় জন বারলার যথেষ্ট প্রভাব রয়েছে। সেই প্রভাবকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যই শাসকদলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু ও জনজাতি ভোটব্যাঙ্কে তৃণমূলের অবস্থান আরও দৃঢ় করতেই এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
সরকারি সূত্রের দাবি, সংখ্যালঘু কমিশনের কাজ গত কয়েক মাস ধরে গতি হারিয়েছিল। নতুন উপসভাপতির দায়িত্ব গ্রহণের পর পরিষেবার মান, অভিযোগ নিষ্পত্তির গতি এবং সংখ্যালঘু কল্যাণমূলক প্রকল্পের তদারকি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
