উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : শনিবার যোগ দিবস উপলক্ষে ও জলপাইগুড়ির মাটিতে স্বামী বিবেকানন্দের পা রাখার ১২৫ তম বর্ষের জন্য জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে এক কোটি চারা গাছ রোপনের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়েছে। এই অনুষ্ঠানটি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিবেকানন্দ অডিটোরিয়ামে এক মাঙ্গলিক পরিবেশের মধ্যে দিয়ে শুরু করা হয়েছিল।
শনিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান পালিত হয়েছে। অন্যদিকে বিশ্ব যোগ দিবসের সঙ্গে স্বচ্ছ ও সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এক কোটি চারা গাছ রোপনের বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে রামকৃষ্ণ আশ্রম এর পক্ষ থেকে। স্বচ্ছ সবুজ পৃথিবী এই অঙ্গীকার নিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়েছিল। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, “আজ রামকৃষ্ণ মিশন এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুরু করল, যার মূল লক্ষ্য স্বচ্ছ ও সবুজ পৃথিবী গড়ে তোলা, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে ”
অন্যদিকে বিশ্ব যোগ দিবস এবং এক কোটি চারা গাছ লাগানো অঙ্গীকারের প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রেমানন্দজী জানিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ প্রথম যোগী যিনি দেশের বাইরের মানুষের কাছে যোগ কে তুলে ধরেছিলেন। এই যোগের মধ্যে দিয়েই নিজেকে প্রকৃত মানুষ তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি।
শনিবার রামকৃষ্ণ মিশনের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। এর পাশাপাশি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি দীর্ঘ মেয়াদী মেগা ট্রি প্লান্টেশন প্রোগ্রামের সূচনা করা হয়েছে বলে খবর। সেই সূচনাতেই জলপাইগুড়ি জেলা সহ অন্যান্য জেলা মিলিয়ে প্রায় এক কোটি গাছ লাগানোর অঙ্গীকার করা হয়েছে।
