ওঙ্কার ডেস্কঃ বঙ্গভোটে জয় পেতে লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে। দলের অন্দরের সংঘাত থাকলে হবে না। বঙ্গ বিজেপি নেতাদের স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একই সঙ্গে তাঁর বক্তব্য, কোনওভাবেই বাঙালি সেন্টিমেন্টে আঘাত করা চলবে না।
বৃহস্পতিবার গভীর রাতে নিউটাউনের হোটেলে দলের শীর্ষনেতাদের নিয়ে বৈঠক করেন নাড্ডা। নাড্ডার সাফ কথা, “এক হয়ে চলুন। আপনারা এক হলে নিচুতলার কর্মীরাও এক হবেন।” শুভেন্দু এবং দিলীপ ঘোষের দিকে তাকিয়ে নাড্ডা বলেন, “আপনাদেরও দল যা চাইছে তা মেনে চলতে হবে। দেশের নিরাপত্তা জন্য বাংলায় বিজেপি সরকারের দরকার। তাই সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোনও লড়াই নিজেদের মধ্যে নয়।”
আগের ভোটে আদি-নব্য দ্বন্দ্বের খেসারত দিতে হয়েছে গেরুয়া শিবিরকে। এবার আর সেটার পুনরাবৃত্তি করতে নারাজ বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতির বার্তা, “গাড়ি চলবে, ইঞ্জিন হিসাবে কাজ করবে ভিন রাজ্যের নেতারা। এ রাজ্যের নেতাদের সঙ্গেও কোন বিরোধ নেই। তাঁরা কাজ করবেন সহযোগী হিসাবে।” ভোটে জয় লাভ করতে গেলে এক হয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করেন নাড্ডা।
