ওঙ্কার ডেস্ক: বিভিন্ন সময়ে সমাজ কল্যাণে নানান ভূমিকা নিয়ে থাকে গঙ্গা মিশন। সংস্থার সেই সামাজিক কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। গঙ্গা মিশনের উদ্যোগে শুক্রবার কাকদ্বীপের লোকনাথ মিশন প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে প্রায় ৮০০ জন রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা । পাশাপাশি নিখরচায় রোগীদের ইসিজি, রক্তচাপ, ব্লাড সুগার-সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুসারে বিনামূল্যে ওষুধও প্রদান করা হয় রোগীদের। আয়োজকরা জানান, চক্ষু পরীক্ষার সময় ১৫০ জন রোগীর দৃষ্টিশক্তি দুর্বল বলে চিহ্নিত করা হয়। তাঁদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া ৭৫ জন রোগীর ছানি অপারেশন করা দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী ২৫ মার্চ মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে তাঁদের অস্ত্রোপচার করা হবে। সংবাদ মাধ্যমকে গঙ্গা মিশনের প্রতিনিধি সর্দার জ্যোতিসিংহ জানান, গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কার প্রেরণায় আয়োজিত হয়েছে এই শিবির। এদিন এই শিবিরে ছিলেন চিকিৎসক সাদিয়া, সমন আলম এবং স্নেহা প্রসাদ। রোগীদের পরিচর্যা ও পরীক্ষা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তাঁরা।
