ওঙ্কার ডেস্ক: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে তিন জনই তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। চতুর্থ জন ওই কলেজের নিরাপত্তা রক্ষী। ধর্ষণের ঘটনায় দোষীরা ছাড় পাবে না বলে বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার। দোষী প্রমাণিত হলে অভিযুক্তরা কড়া সাজা পাবেন বলে জানিয়েছেন তিনি।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সংবাদমাধ্যমকে জানান, ‘যে ঘটনা ঘটেছে সেটি খুবই সেন্সিটিভ। তদন্ত চলছে। আমাদের কাছে ইতিমধ্যে একাধিক তথ্য এসেছে, প্রমাণ জোগাড় করেছি। যা যা অ্যাকশন নেওয়ার দরকার তা নেওয়া হচ্ছে। দোষ প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে।’ তবে যাতে নির্যাতিতার নাম পরিচয় কেউ প্রকাশ না করেন সেই উদ্দেশ্যেও বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ধরনের কাজে জড়িত যে কারও বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৫ জুন দক্ষিণ কলকাতার কসবার ল কলেজে আইনের এক ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর দিন ২৬ তারিখে নির্যাতিতা কসবা থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনায় প্রথমে তৃণমূল ছাত্র সংগঠনের সঙ্গে যোগ ছিল এমন তিন জনকে পুলিশ গ্রেফতার করে। পরে ওই কলেজের এক নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় সুর চড়াতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে তারা।
