ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিপর্যয় ঈশ্বরের আপন দেশে। কেরলে হড়পা বান ও ভূমিধসের কারণে মৃত্যু হল পাঁচ জনের। এই ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ আরও দু জন। রবিবার কেরলের কোট্টাকাম্বুর এবং নীলাম্বুরে এই বিপর্যয় ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।
রিপোর্ট অনুসারে, রবিবার বিকেলে মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে আচমকা হড়পা বান আসে। উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত নদী তীরবর্তী অঞ্চলে বিনোদনের জন্য পর্যটকরা ভিড় করেন। অত্যন্ত জনপ্রিয় এই জায়গায় রবিবার ছুটির দিন হওয়ায় বহু মানুষ ঘুরতে যান। কিন্তু আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ৯ জন সেই জলের তোড়ে ভেসে যান। আটকে পড়েছিলেন প্রায় ২৭ জন। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা তাঁদেরকে উদ্ধার করেন। ২ জনের দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, উল্লেখযোগ্য রকমের বৃষ্টি না হলেও উজানের জঙ্গলে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়।
এদিনই সে রাজ্যের ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টি হয়। যার ফলে ভূমিধসের ঘটনা ঘটে। বিকেল নাগাদ কৃষি ক্ষেতে কাজ করার সময় বিপর্যয়ের ফলে মৃত্যু হয় দুই কৃষকের। বালাকৃষ্ণন ও চিন্না নামের দুই কৃষক বৃষ্টি থেকে বাঁচতে একটি শেডের তলায় আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ সেখানে ধস নামলে মৃত্যু হয় ২ জনের। গুরুতর জখম হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। ইতিমধ্যে কেরলের মুখ্যমন্ত্রী সতীশন দুই জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। উদ্ধারকাজের প্রতি মুহূর্তের খোঁজ নিচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।