ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সে দেশের রাজধানী ঢাকা শহরের এভার কেয়ার হাসপাতালেই বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।
হার্ট, কিডনি, ফুসফুসে-সহ নানান সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার দিনক্ষণ ঠিক করা হয়ে গিয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। আপাতত ঢাকাতেই তাঁকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য, খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি প্রায় সেরে ফেলা হয়েছিল। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি বাংলাদেশে আসেনি। পরে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর কথা জানানো হয় কাতারের তরফে। সেই অ্যাম্বুলেন্স সোমবার রাত পর্যন্ত আসেনি। মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসা করছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও সেই বোর্ডে রয়েছেন।
