ওঙ্কার ডেস্ক: বিএনপি-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার ভোরে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হন খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন। তিনি বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন জানান, বৃহস্পতিবার রাতেই কাতারের আমিরের তরফে এয়ার অ্যাাম্বুলেন্স পাঠানো হবে খালেদা জিয়ার তরফে। সেই বিমানে তিনি লন্ডন যাবেন। জাহিদ হোসেন বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে যে কোনও সমস্যায় খালেদাকে যাতে চিকিৎসা দেওয়া যায়, সেই প্রস্তুতি সেরে রাখা হয়েছে।
বিএনপি সূত্রের খবর, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন। তাঁরা হলেন, খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক জাহিদ হোসেন, উপদেষ্টা মহম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মহম্মদ সিদ্দিকি, চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নূরউদ্দিন আহমদ, চিকিৎসক জাফর ইকবাল, চিকিৎসক মহম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে খালেদা জিয়া ভর্তি হন এভারকেয়ার হাসপাতালে। পরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এ ছাড়াও তাঁর কিডনি ও হার্টে সমস্যা রয়েছে।
