ওঙ্কার ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে সম্প্রতি জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর দ্রুত শান্তি চুক্তির ইঙ্গিতও দেন তিনি। কিন্তু ফের খেসরনে ইউক্রেনের হামলা। মস্কোর দাবি, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা খেরসন অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন।
রাশিয়ার তরফে জানানো হয়েছে, নতুন বছরের সেলিব্রেশনের সময় খেরসনের একটি হোটেল ও ক্যাফেকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সে সময় ওই অঞ্চলে বহু সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং ৬ জন শিশু-সহ মোট ৫০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশিয়ার মন্ত্রকের আধিকারিকদের মতে, এই হামলা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং ‘নিঃসন্দেহে একটি যুদ্ধাপরাধ’। রাশিয়ান নেতারা একে ‘জঙ্গি হামলা’ বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে, ইউক্রেনও পাল্টা অভিযোগ তুলেছে। কিইভের দাবি, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। প্রায় ২০০-র বেশি ড্রোন ছোড়া হয়েছে।
উল্লেখ্য, খেসরন আসলে ইউক্রেনের অংশ ছিল। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর আইন পাশ করে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া। খেরসন সেই চারটি অঞ্চলেরই একটি। তবে রাশিয়া খেসরনকে অবৈধ ভাবে দখল করেছে বলে দাবি করে ইউক্রেন।
