নিজস্ব সংবাদদাতা : হাতে মাত্র আর কয়েকটা দিন। চলতি মাসের ২০ তারিখে কালীপুজো। আর কালীপুজো মানেই বাজির প্রসঙ্গ উঠে আসবেই। সেক্ষেত্রে আলোর উৎসবে আলোর বাজিতে কোন নিষেধাজ্ঞা না থাকলেও শব্দবাজির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জোরালো ভাবেই সামনে আসে। এক্ষেত্রে প্রতিবছরই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে, এ বছরও তারা অন্যথা হলো না। দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর এ বার কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ।
আগামী ১৫ অক্টোবর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদ্যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দীপাবলির রাতে শব্দদূষণ রোধে ৯০ ডেসিবেল সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশের বাস্তবায়ন নিয়েই আলোচনা হবে বৈঠকে। আগামী ১৫ তারিখ বিকেল চারটে থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক।
জানা যাচ্ছে, বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার নামী কালীপুজো উদ্যাপন কমিটিগুলির দু’জন করে প্রতিনিধি। পাশাপাশি উপস্থিত থাকবেন কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরাও। পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে বৈঠকে কলকাতার সব থানার ওসি এবং পদস্থ আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। কমিশনার নিজে পুরো বিষয়টির অগ্রগতি তদারকি করবেন। উৎসবের দিনগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, মোবাইল প্যাট্রল ভ্যান এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে বলেও সূত্রের খবর। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শব্দবাজি রুখতে এ বারের অভিযান হবে সম্পূর্ণ জ়িরো টলারেন্স নীতিতে।
