ওঙ্কার ডেস্ক: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা মহানগরে। বুধবার সকালে বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ১২ বছরের পড়ুয়া। মানিকতলায় তাদের বাইকে ধাক্কা মেরে নাবালককে পিষে দিল লরি। বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো ওই নাবালক তার বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল। বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র সে। তাদের বাইক যখন বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে আসে সেই সময় একটি লরি বেপরোয়া গতিতে এসে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই পড়ুয়া ও তার বাবা। এর পর না থেমে নাবালককে পিষে দিয়েই চলে যায় লরিটি। ওই পড়ুয়ার পায়ের উপর দিয়ে লরির চাকা চলে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়েছেন চিকিৎসার জন্য। পাশাপাশি ঘাতক লরিটিকেও আটক করে স্থানীয়রা। লরির চালককে পাকড়াও করে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ। অভিযুক্ত চালককে আটক করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। ঘাতক লরিটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
