নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পুজোর রাতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। দ্বিতীয় সপ্তমীর রাতে শহর জুড়ে মোট ৮৩৩টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে বিনা হেলমেটে বাইক চালানো, এক বাইকে তিন সওয়ারি, বেপরোয়া গতি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো অভিযোগ।
লালবাজারের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিনা হেলমেটে বাইক চালানোর জন্য ২৬৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এক বাইকে তিনজনকে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে ১৪৮টি। বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য ১২৭টি মামলা রুজু হয়েছে। আর মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ১২০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য ট্রাফিক আইন ভাঙার ঘটনায় আরও ১৬৯টি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরই শহর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। রাস্তায় রাস্তায় টহলদারি ও নজরদারি বাড়ে। বিশেষ করে উৎসবের দিনগুলিতে যাতে কেউ মত্ত অবস্থায় বা বেপরোয়াভাবে গাড়ি না চালায়, সেদিকে কড়া নজর থাকে পুলিশের। এবার পঞ্চমীর রাত থেকেই শুরু হয়েছে বিশেষ নজরদারি।
তার জেরেই গ্রেফতারির সংখ্যাও বেড়েছে। ট্রাফিক মামলার সংখ্যাও গত তিন দিনের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। প্রথম সপ্তমী পর্যন্ত এই সংখ্যা ছিল সাড়ে চারশোর আশপাশে। দ্বিতীয় সপ্তমীতে তা একলাফে বেড়ে হয়েছে ৮৩৩।