ওঙ্কার ডেস্ক: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মণ্ডপে হুড়োহুড়ির জেরে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহত ১৪ জন রোগীর সঙ্গে দেখা করলেন হাসপাতালে। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকারের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানান, অমিত শাহের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার বিষয়টি খতিয়ে দেখবেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোগীদের সঙ্গেও কথা বলতে পারেন। এর আগে, হাসপাতালে যাওয়ার আগে অমিত শাহ কালীঘাট মন্দির দর্শন করেন। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান দুর্গাপূজা মণ্ডপে বৃষ্টির মধ্যে ভিড় হঠাৎ বেড়ে যাওয়ায় পদপিষ্টের ঘটনা ঘটে। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয় এবং ২৫ জন আহত হন। দুই দিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। তার মাঝে এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির একাধিক পদাধিকারী। ভিআইপি পাস পরীক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছেন বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মীও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা এবং সহসভাপতি শান্তনু দুবে ধৃতদের তালিকায় রয়েছেন। গ্রেফতার করা হয়েছে কৌশিক সাহাকেও। মণ্ডপে ভিআইপি পাস পরীক্ষা করা এবং দর্শনার্থীদের ভিড় সামলানোর দায়িত্ব ছিল তাঁর উপর। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পিন্টু দেকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বিপ্লব মুখোপাধ্যায় পুজো মণ্ডপের বাঁশের কাঠামো তৈরির কাজে যুক্ত ছিলেন। এ ছাড়া বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মী সুমন চক্রবর্তী ও রাজেশ পালকে গ্রেফতার করা হয়েছে।