ওঙ্কার ডেস্ক: সরকারি নিয়ম লঙ্ঘন করে বিশেষ অবৈধ সফটওয়্যার ব্যবহার করে চলত দুর্নীতির রমরমা কারবার। মূলত সেই অবৈধ সফটওয়্যার দিয়ে ভুয়ো রসিদ তৈরি করা হত। যা জাতীয় সড়কে গাড়ি থেকে বেআইনিভাবে টোল আদায় করে দেওয়া হত। সরকারি খাতায় সেই হিসেব দেখানো হত না। দেশের বিভিন্ন শহরে এই চক্র সক্রিয় ছিল বলে তদন্তে জানা গিয়েছে। আর এই দুর্নীতির মাথাদের শনাক্ত করতে কলকাতা সহ দেশের সাত রাজ্যের ১৪ জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বুধবার সকালে কলকাতার শেক্সপিয়র সরণির এক বহুতলে পৌঁছয় কেন্দ্রীয় সংস্থার ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বাহিনী গোটা আবাসন ঘিরে ফেলে। এর পর ইডি আধিকারিকরা সেখানে ঢুকে তল্লাশি শুরু করেন।
মূলত দুর্নীতির লক্ষ লক্ষ টাকা কার কার অ্যাকাউন্টে গিয়েছে, তা খতিয়ে দেখতে এবং ডিজিটাল মাধ্যমে কোন কোন প্রভাবশালী ব্যক্তি এই চক্রের সঙ্গে যুক্ত, তা জানতেই এই অভিযান। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান-সহ মোট সাতটি রাজ্যে একই সঙ্গে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। তবে শেক্সপিয়র সরণির ব্যবসায়ীর সঙ্গে এই আন্তর্জাতিক বা জাতীয় টোল প্রতারণার কী সরাসরি যোগ রয়েছে সে বিষয়ে এখনই মুখ খুলতে চাননি কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।