ওঙ্কার ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে প্রশাসনের অভিযানকে কেন্দ্র করে যে গোলমাল হয়েছিল, তাতে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে তলব করেছিল পুলিশ। পুলিশের সেই নোটিস পেয়ে শেক্সপিয়র সরণি থানায় বুধবার হাজিরা দিলেন তৃণমূল সাংসদ। এর আগে এই ঘটনায় তাঁকে নোটিস দেওয়া হয়েছিল হাজিরা দেওয়ার জন্য। কিন্তু তিনি সশরীরে হাজিরা না দিয়ে আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছিলেন পুলিশকে। প্রথমবার হাজিরা এড়ালেও দ্বিতীয় বার পুলিশের মুখোমুখি হন তিনি।
গত বৃহস্পতিবার কলকাতা পুরসভার আধিকারিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে একটি বিলবোর্ড খুলতে গিয়েছিলেন। পুরসভার আধিকারিকদের দাবি, ওই বিলবোর্ডটি অনুমতি ছাড়াই বসানো হয়েছে। পাশাপাশি সেটি বিপজ্জনক অবস্থায় ঝুলছিল বলে দাবি করে পুরসভা। পুলিশকে সঙ্গে নিয়ে পুরকর্মীরা জোড়াফুল শিবিরের সেই দফতরে ঢোকার সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে বলে। মহিলা পুলিশকর্মীদের হেনস্থা এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে।
গোটা ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়। তার মধ্যে একটি পুরসভার আধিকারিক দায়ের করেন, একটি অভিযোগ দায়ের করেন পার্ক স্ট্রিট থানার এক সার্জেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন-সহ একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে সেই এফআইআর এ। তদন্তের স্বার্থে দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়। মঙ্গলবারই থানায় হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।