ওঙ্কার ডেস্ক: মহালয়ার সকালে কলকাতা মেট্রোয় নতুন অধ্যায়ের সূচনা। ১০ অক্টোবর শনিবার থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডোরের অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো শুরু হচ্ছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনের মধ্যে এই অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করার লক্ষ্য রয়েছে।
চিংড়িঘাটা ক্রসিং ও সুকান্তনগরের মাঝের এলিভেটেড করিডোরে দীর্ঘদিন ধরে ৩৬৬ মিটার অংশের সংযোগ বাকি ছিল। সম্প্রতি ওই অংশে আরভিএনএলের গার্ডার বসানো হয়েছে। তৈরি হয়েছে ভায়াডাক্ট। এরপর রেললাইন পাতার কাজের মাধ্যমে সংযোগ সম্পূর্ণ করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বেলেঘাটা (মেট্রোপলিটন) থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে পুশ ট্রলির সাহায্যে পরিদর্শন করেন রেলকর্তারা। এবার মহালয়ার দিন থেকেই শুরু হচ্ছে ট্রেনের পরীক্ষামূলক চলাচল।
এই ট্রায়াল রান এক মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে। এই পর্যায়ে সফটওয়্যারের অ্যালাইনমেন্ট ও সিঙ্ক্রোনাইজেশন-সহ একাধিক পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্য দিকে দুর্গাপুজোর ভিড় সামলাতে বিশেষ পরিষেবা চালানোর প্রস্তুতি নিয়েছে কলকাতা মেট্রো। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পুজোর বিশেষ সময়সূচি। আগামী ১৫ অক্টোবর, পঞ্চমী থেকে ২১ অক্টোবর, দশমী পর্যন্ত এই সূচি অনুসারে ট্রেন চলবে। যাত্রীদের চাপ সামলাতে থাকছে বিশেষ ব্যবস্থাও। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর দিনগুলিতে ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো ও অরেঞ্জ লাইনে বিশেষ ট্রেন চালানো হবে। ব্লু লাইনে পঞ্চমী ও ষষ্ঠীর দিন মোট ২৮৪টি ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে সকাল ৬টায়। শেষ ট্রেন পাওয়া যাবে রাত ১১টায়। ব্যস্ত সময়ে প্রতি ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো।
গ্রিন লাইনে পঞ্চমী ও ষষ্ঠী মিলিয়ে চলবে মোট ২৪০টি ট্রেন। এ বছর দু’দিন সপ্তমী থাকায় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুই সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু এবং গ্রিন লাইনে রাতভর মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে পরিষেবা শুরু হবে দুপুর ১টায়। ট্রেন চলবে পরের দিন ভোর ৪টে পর্যন্ত।
অন্যদিকে, গ্রিন লাইনে পরিষেবা শুরু হবে দুপুর দেড়টায়। চলবে পরের দিন ভোর ৩টে ৫৯ মিনিট পর্যন্ত। পুজোর ভিড়ের মধ্যে যাত্রীদের যাতায়াত সহজ করতেই এই বিশেষ সময়সূচি ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।