কলকাতা: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS) এর সুবিধা নিচ্ছেন, আবার একই সঙ্গে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ডও রেখেছেন — এমন সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য কড়া নির্দেশিকা জারি করল রাজ্য অর্থ দফতর। নবান্নের নির্দেশ, ৩১ অক্টোবরের মধ্যে ওই কার্ড অবশ্যই জমা দিতে হবে।
অর্থ দফতরের জারি করা নোটিসে বলা হয়েছে, কোনও সরকারি কর্মী বা পেনশনভোগীর নিজের নামে অথবা পরিবারের সদস্যের নামে যদি স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড থাকে, তবে তা সংশ্লিষ্ট দফতরের সদর দফতরে জমা করতে হবে। শুধু কার্ড জমা দিলেই হবে না, সঙ্গে জমা দিতে হবে একটি ঘোষণাপত্র এবং কার্ড জমা করার রসিদ। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওই ঘোষণাপত্র ও নথি খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্ড ও ঘোষণাপত্র জমা না দিলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। সময়মতো জমা না করলে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী WBHS-এর সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং বিষয়টি শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে।