নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের মঞ্চেই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নির্যাতিতা চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর নিশানায় রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। শুক্রবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সামনেই রত্নাদেবী প্রশ্ন তোলেন, আরজি কর কাণ্ডে বিতর্কিত ভূমিকার পরেও কীভাবে স্বাস্থ্যসচিব পদে বহাল রয়েছেন নিগম?
রত্না দেবনাথের সরাসরি অভিযোগ, তাঁর মেয়ের দেহ যেখান থেকে উদ্ধার হয়েছিল, সেই সেমিনার হলের পাশের শৌচাগার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং স্বাস্থ্যসচিব। তিনি বলেন, যতদিন স্বাস্থ্য দফতরের মাথায় থাকা কয়েকজনকে সরানো না হবে, ততদিন দুর্নীতি বন্ধ হবে না।
এদিন বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রত্নাদেবী। তিনি বলেন, “আমার মেয়ের সঙ্গে যা হয়েছে, তা আর কারও সঙ্গে যেন না হয়। ন্যায়বিচারের ভার আমি মুখ্যমন্ত্রীর হাতেই ছেড়েছি। কিন্তু যিনি শৌচাগার ভাঙার নির্দেশ দিয়েছিলেন, সেই নারায়ণ স্বরূপ নিগম এখনও পদে রয়েছেন।” তিনি আরও জানান, আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মৃত ঘোষণার আগেই তাঁর মেয়ের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন, যার উল্লেখ সিবিআই-এর সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্টেটাস রিপোর্টেও আছে। সেই রিপোর্টের একটি কপি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।
রত্নাদেবীর আরও অভিযোগ, ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে যে ভাঙচুর হয়েছিল, তা আজও সারানো হয়নি, অথচ ঘটনার পরপরই সেমিনার হল লাগোয়া শৌচাগারের অংশ দ্রুত মেরামত করে দেওয়া হয়।
অভিযোগ শুনে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দিদি যা বলেছেন, আমরা খতিয়ে দেখব। যদি প্রমাণ হয় পূর্ত দফতরকে শৌচাগার ভাঙার নির্দেশ স্বাস্থ্যসচিবই দিয়েছিলেন, তাহলে দ্রুত তাঁকে সরিয়ে দেওয়া হবে।” তিনি স্পষ্ট করেন, হাসপাতালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বাস্থ্য দফতরের নয়, পূর্ত দফতরের। আর এমার্জেন্সি বিল্ডিং মেরামতের জন্য হাইকোর্টের অনুমতি প্রয়োজন।
শুভেন্দু আরও বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। আগের মুখ্যমন্ত্রীর কাছে ফাইল আটকে ছিল, আমি একদিনেই সব ছেড়েছি। এই মামলায় আইনিভাবে যা যা করা সম্ভব, আমরা করব।”
মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে ভরসা পেয়েছেন নির্যাতিতার পরিবার। তাঁর বাবা বলেন, “মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই চেষ্টা করছেন, ওঁর উপর আমাদের আস্থা আছে।” পরে রত্নাদেবী বলেন, “মঞ্চে নারায়ণ স্বরূপ নিগমকে দেখলে কষ্ট নয়, রাগ হয়। ওঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অন্যায় যে করে আর যে সহে, উভয়েই দোষী। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, বিচার হবেই।”