ফের দৌড়ের ছন্দে মাততে চলেছে কলকাতা। ২০ ডিসেম্বর রেড রোড থেকে শুরু হবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার একাদশ সংস্করণ। প্রোক্যাম ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫ কিলোমিটার দৌড়। শুধু প্রতিযোগিতা নয়, শহরজুড়ে সুস্থ জীবনযাপন এবং খেলাধুলার প্রসার ঘটানোও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। এবারের প্রতিযোগিতায় ২৫ কিলোমিটার বিভাগে রেকর্ড সাড়া মিলেছে। মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে নাম নথিভুক্তি। ওপেন ১০কে, চ্যাম্পিয়ন্স উইথ ডিজঅ্যাবিলিটি, সিনিয়র সিটিজেন রান এবং আনন্দ রান বিভাগেও দ্রুত পূর্ণ হয়েছে আসন। সব বয়স ও সক্ষমতার মানুষকে এক মঞ্চে নিয়ে আসাই এই প্রতিযোগিতার বিশেষত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। ২০ ডিসেম্বরের দৌড়ে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্তের মতে, তরুণ প্রজন্মকে মোবাইল ও ডিজিটাল দুনিয়ার বাইরে এনে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ সংস্করণ উপলক্ষে প্রকাশ করা হয় ২৫ কিলোমিটার দৌড়ের প্রতিযোগীদের জন্য বিশেষ ‘মেডেল অফ স্টিল’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের চিফ মার্কেটিং অফিসার শ্রীপদ শেন্ডে। প্রতিযোগিতার সঙ্গে যুক্ত অভিনেত্রী ও টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে রত্ন স্বস্তিকা দত্তও।