ওঙ্কার ডেস্ক: কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর ও কালীঘাটে দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রবিবার ব্লু ও গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। শুধু তাই নয়, দুই করিডরেই সকালের প্রথম মেট্রো নির্ধারিত সময়ের আগেই চালানো হবে। রাতে শেষ ট্রেনের সময়ও বাড়ানো হয়েছে। ফলে পুজোর রাতে মন্দির দর্শন শেষে বাড়ি ফেরার ক্ষেত্রে সুবিধা পাবেন যাত্রীরা।
ব্লু লাইনে ১৫২টি মেট্রো
কালীপুজো উপলক্ষে রবিবার ব্লু লাইনে মোট ১৫২টি মেট্রো চালানোর সিদ্ধান্ত হয়েছে। আপ ও ডাউন—দুই দিকেই চলবে ৭৬টি করে ট্রেন। সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও এদিন তার আগেই প্রথম মেট্রো পাওয়া যাবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো চলবে সকাল ৮টা থেকে। রাতেও পরিষেবা দীর্ঘায়িত করা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ১০টা ০৩ মিনিটের বদলে ছাড়বে ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেনের সময় রাত ১০টা ১৫ মিনিট থেকে বাড়িয়ে ১১টা করা হয়েছে। একইভাবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারগামী শেষ মেট্রোও রাত ১০টা ১৮ মিনিটের পরিবর্তে ছাড়বে ১১টায়।
গ্রিন লাইনেও বাড়ছে ট্রেনের সংখ্যা
রবিবার গ্রিন লাইনে মেট্রোর সংখ্যা ১১১ থেকে বাড়িয়ে ১২৩ করা হচ্ছে। এর মধ্যে আপ লাইনে ৬১টি এবং ডাউন লাইনে ৬২টি ট্রেন চলবে। এই করিডরেও সকালের পরিষেবা এগিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে ছাড়বে ৮টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। আগে এই পরিষেবা শুরু হত সকাল ৯টা ২ মিনিটে। রাতের শেষ ট্রেনের সময়ও বাড়ানো হয়েছে। গ্রিন লাইনের দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টা পর্যন্ত। আগে এই পরিষেবা শেষ হত রাত ১০টা ৩০ মিনিটে।
ইয়েলো লাইনে অপরিবর্তিত সময়সূচি
ব্লু ও গ্রিন লাইনে বিশেষ ব্যবস্থা থাকলেও ইয়েলো লাইনের সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। রবিবার এই লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৭৮টি ট্রেন চলবে। দুই দিকেই ৩৯টি করে পরিষেবা থাকবে। নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৮ মিনিটে। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টা ৪০ মিনিটে। রাতের শেষ মেট্রো নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে রওনা দেবে ৯টায়। বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে। অন্যদিকে, রবিবার ৮ নভেম্বর পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।