নিজস্ব প্রতিন্ধি : দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, অবশেষে এলাকার মানুষই নেমে পড়লো এই কাজে। নদিয়ার কৃষ্ণনগর ২০ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থার কথা পৌরসভাতে দিনের পর দিন লিখিত ভাবে জানানোর পরও কাজ হয়নি কিছু। ওই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ ও তাঁর স্বামী রূপ ঘোষ জানিয়েছেন, “২০ নম্বর ওয়ার্ডের চাষাপাড়া থেকে দীর্ঘ কয়েক মিটার রাস্তার বেহাল অবস্থার কথা বারে বার জানিয়েছিলেন পৌরসভাকে। বছরের পর বছর বিভিন্ন জায়গার রাস্তার কাজ হয়ে যাচ্ছে কিন্তু এই এলাকার রাস্তার কোন উন্নতি হয়নি।“
সামনেই জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মণ্ডপ চাষাপাড়া বারোয়ারি পুজো যেতে গেলে এই রাস্তাই হল একমাত্র যোগসূত্র। তাঁদের একটাই আক্ষেপ যে জগদ্ধাত্রী পুজো এসে গেল অথচ রাস্তার বেহাল দশা গেল না। এলাকার কাউন্সিলর এবং তাঁর স্বামী তাই সিদ্ধান্ত নেন, নিজের এবং এলাকার মানুষদের থেকে কিছু কিছু আর্থিক সহায়তার মাধ্যমে রাস্তা সারাই এর কাজ শুরু হবে। সেইমতো শনিবার সকাল থেকে রাস্তা সারাই এর কাজ শুরু হয় । বিরোধী কাউন্সিলর হওয়ার কারণে পৌরসভার এই গাফিলতি, এমনই মন্তব্য প্রকাশ্যে এনেছেন কাউন্সিলর।

জগদ্ধাত্রী পুজর আগেই রাস্তা সারাই এর কাজ শুরু হওয়াতে খুশি এলাকার মানুষ। এর সঙ্গে সঙ্গে পৌরসভার এই চূড়ান্ত গাফিলতি দেখে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মধ্যে। নদিয়ার কৃষ্ণনগরের পৌরসভার বেশকিছু কারণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্থগিত হয়ে পড়ে পৌরসভা এলাকাগুলিতে। বর্তমান পৌরসভার চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে মত পার্থক্যের জেরে থেমে যায় একাধিক কাজ। এই রাস্তার সংস্কারের গাফিলতির এই কারণই হতে পারে বলে মনে করছেন ২০ নম্বর ওয়ার্ডের মানুষ।
