ওঙ্কার ডেস্ক: তিনি এখনও বেঁচে রয়েছেন। অথচ তাঁর ছেলে বাবাকে মৃত দাবি করে ২ লক্ষ টাকায় বেচে দিলেন জমি! গুণধর ছেলের এমন কাণ্ডের পর ৯০ বছরের রাজনারায়ণ ঠাকুর জমি ফেরত পেতে ঘুরছেন জেলাশাসকের দুয়ারে। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরের মহম্মদপুর গ্রামে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত ছেলের নাম দিলীপ ঠাকুর। বাবা মায়ের পঞ্চম পুত্র সে। কাগজে-কলমে রাজনারায়ণ ঠাকুরকে মৃত দেখিয়ে পূর্বপুরুষদের জমি সে মাত্র ২ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ। বৃদ্ধ জানান, তাঁর ছেলে দিলীপ ঠাকুরের বয়স ৪৪ বছর। সুমন সৌরভ নামে এক ব্যক্তির কাছে সে জমি বিক্রি করে দিয়েছে। বৃদ্ধ রাজনারায়ণের প্রশ্ন, তাঁদের পৈতৃক জমির মালিকানা এখনও তাঁদের বাবা মৃত মথুরা ঠাকুরের নামে। রাজনারণ এখনও বেঁচে রয়েছেন। তা সত্ত্বেও কী ভাবে তাঁর জমি বিক্রি হয়ে গেল? জেলা প্রশাসনের কাছে রাজনারায়ণ দাবি করেছেন, কী ভাবে এই বেআইনি রেজিস্ট্রেশন করা হল, তার তদন্ত করা হোক। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। এ ছাড়া তাঁর জমির যে অংশ রেজিস্ট্রি করা হয়েছে, তা বাতিল করা হোক।
বৃদ্ধ আরও বলেন, ‘আমার ছেলে মদ খায়। এর আগেও একাধিক সম্পত্তি বিক্রি করে দিয়েছে। রাজনারায়ণ ক্ষোভের সঙ্গে বলেন, ‘বাড়িতে কেউ তাঁর খোঁজ পর্যন্ত নেয় না। খাবার বা জামাকাপড়ও দেয় না। আমি চাই, এই ঘটনার ন্যায়বিচার হোক। আমি জমি যেন ফেরত পাই।
