বুধবার গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দার্জিলিং যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল হল।
নবান্ন সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গুজরাতের বডনগরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। বুধবার সেই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। সেই আমন্ত্রণ রক্ষা করতেই পাহাড়ের কর্মসূচি বাতিল করে গুজরাত যাচ্ছেন শুভেন্দু।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম শপথ নিয়েছিলেন মোদী। এবার ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সেবা সংকল্প’ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে বডনগরে। দলীয় নির্দেশ মেনেই সেখানে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।
এই সফরের জেরে গোর্খা জনমুক্তি মোর্চার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া অনিশ্চিত হয়ে গেল। গত সেপ্টেম্বরেই কলকাতায় এসে পূর্ত দফতরের ময়দান তাঁবুতে শুভেন্দুর সঙ্গে দেখা করেছিলেন মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি। পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসাবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।
তখন শুভেন্দু জানিয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের কোনও জরুরি ডাক না থাকলে তিনি দার্জিলিংয়ে যাবেন। সেই মতো নবান্ন সফরসূচিও তৈরি করেছিল। কিন্তু গুজরাতের কর্মসূচি চলে আসায় তা বাতিল করা হল।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার বডনগরের অনুষ্ঠান সেরে রাতেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তাঁর মালদহ যাওয়ার কর্মসূচি রয়েছে।