ওঙ্কার ডেস্ক: দিল্লির রোহিনী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ‘সিগমা গ্যাং’-এর চারজন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গ্যাং প্রধান রঞ্জন পাঠকও রয়েছেন। পুলিশের মতে, এই অভিযান গ্যাং-এর মূল কাঠামো ভেঙে দিয়েছে এবং অবশিষ্ট সদস্যদের ধরার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার ভোরে দিল্লির রোহিনী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ‘সিগমা গ্যাং’-এর চারজন সদস্য নিহত হয়েছেন। সকাল প্রায় ২টা ২০ মিনিটে দিল্লি পুলিশ ও বিহার পুলিশের যৌথ টিম একটি গাড়ি আটকানোর চেষ্টা করলে গ্যাংয়ের সদস্যরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়, এবং এই ঘটনার চারজনই গুরুতর আহত হন। পরে রোহিনীর ড. বাবাসাহেব আম্বেদকার হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়। অভিযানে দুই-তিন পুলিশকর্মী আহত হন। নিহতদের মধ্যে ছিলেন রঞ্জন পাঠক, গ্যাং-এর প্রধান, এবং বিমলেশ মাহতো, মনিশ পাঠক ও আমান ঠাকুর।
দলের প্রধান রঞ্জন পাঠক সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং পুলিশের প্রতি চ্যালেঞ্জস্বরূপ অডিও ও ভিডিও বার্তা পোস্ট করতেন। এক বার্তায় তিনি বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন।
সিগমা গ্যাং প্রায় সাত বছর ধরে বিহারের সীতামারী জেলা এবং পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় ছিল। সম্প্রতি তারা পুলিশের হাত থেকে বাঁচতে দিল্লিতে আশ্রয় নিয়েছিলো।
পুলিশের গোয়েন্দা তত্ত্বাবধানে ও যৌথ নজরদারির মাধ্যমে এই চারজনকে আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের মতে, এই অভিযান সিগমা গ্যাং-এর মূল কাঠামোকে কার্যত ধ্বংস করেছে এবং বাকি সদস্যদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
