নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ দিন ধরে ইনভেস্টর সমস্যায় জর্জরিত ময়দানের প্রথম সারির ক্লাব মহামেডান স্পোর্টিং। এবার এই বিনিয়োগকারী সমস্যা মেটাতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের দ্বারস্থ হল সাদা কালো শিবিরের সমর্থকরা। যদিও এই অনিশ্চয়তা মেটাতে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়ে ছিলেন,মহামেডা্ন কর্তারা। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর সাক্ষাতেও বরফ গলার কোন লক্ষণ না মেলায় এবার ক্লাবের দুর্দশার কথা তুলে ধরতে মাঠে নামলো মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা।
শমীক ভট্টাচার্যের হাতে একটি আবেদনপত্র তুলে দেন মহমেডান সমর্থকরা। সূত্রের খবর,মহামেডান ক্লাবকে বাঁচাতে বিজেপির রাজ্যে সভাপতিকে এগিয়ে আসার অনুরোধ করেছেন সমর্থকরা। মহমেডান সমর্থকদের আশা, সমস্যা মিটিয়ে আবার আইএসএল খেলুক মহমেডান। জানা,গেছে, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের আবেদনপত্র গ্রহণ করেছেন ‘শমীক ভট্টাচার্য। তবে এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।
ক্লাব সমর্থকদের শমীক সাক্ষাত নিয়ে মুখ খুলেছেন ক্লাব কর্তারা। বিশ্বস্থ সূত্রের খবর,এক ক্লাব কর্তা বলেন, “সমর্থকরা তো ক্লাব চালাচ্ছেন না। ক্লাব চালাচ্ছেন কর্মকর্তারা। সমর্থকরা যেতেই পারেন। তাঁদের অধিকার রয়েছে।” ওই ক্লাব কর্তার আরও বলেছেন, “সমর্থকরা যদি মনে করেন কর্তারা ঠিক মতো চালাতে পারছে না। তাহলে কাউকে নিয়ে আসুক। যার কাছে গিয়েছে তারা যদি চালাতে পারে ভাল কথা। তবে এখনও আমরা আশা ছাড়িনি।“ যদিও এর পরে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, “আমাদের একটা নিয়ম রয়েছে। কোনও বিনিয়োগকারীর সঙ্গে কথা বলতে, ট্রাস্টির অনুমতির প্রয়োজন। আমরা ট্রাস্টিকে বলেছি, আপনারাও দেখুন। আমরা কিছু পারছি না।” একটি বিনিয়োগকারীর সঙ্গেই কথা হচ্ছে বলে সূত্রের খবর।
