ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচন সামনে। প্রচারে কোমর বেঁধে নেমেছে সব দলই। অল্প সময়ে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে এবার ‘মিসড কল ক্যাম্পেন’ শুরু করল তৃণমূল। ভিডিও বার্তায় নম্বর প্রকাশ করে আমজনতাকে পাশে থাকার কথা বলেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।
সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সেখানে তিনি বলেন, “সাধারণ মানুষ ও সকল তৃণমূল কর্মী, সমর্থকদের অনুরোধ, আপনারা মিসড কল দিয়ে তৃণমূলের পাশে থাকুন।” তিনি একটি নম্বর উল্লেখ করে সকলকে একটি করে মিসড কল দিতে বলেন। মহুয়া আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে সহজেই সাধারণ মানুষ এবং সমর্থকদের সঙ্গে দলের তরফে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এতে সংগ ঠনের শক্তিও আরও মজবুত হবে।”
তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, এই মিসড কল ক্যাম্পেনের মাধ্যমে একটি ডাটাবেস তৈরি করা হবে। তার ভিত্তিতে ভবিষ্যতে সমর্থকদের সঙ্গে দলের তরফে নিয়মিত যোগাযোগ করা হতে পারে। ভোটের আগে এইরকম প্রযুক্তিনির্ভর প্রচারকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।