ওঙ্কার ডেস্ক: ফের অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। আর তার সরাসরি ধাক্কা লাগল সে দেশের অর্থনীতির সবচেয়ে বড় ভরসা পোশাক শিল্পে। জ়ারা, এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেন্সার, সেলিয়োর মতো একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ থেকে প্রায় ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত সরিয়ে নিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বাংলাদেশের তিন কারখানা মালিকের বরাতে জানানো হয়েছে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এই বিপুল পরিমাণ বরাত অন্য দেশে চলে গিয়েছে। অঙ্কের হিসেবে যা বাংলাদেশের এক মাসের মোট পোশাক বরাতের প্রায় দশ শতাংশ।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভ হয়েছে ভারতের। বাতিল হওয়া বরাতের সিংহভাগই এসেছে ভারতীয় কারখানাগুলিতে। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও কিছু বরাত পেয়েছে। আন্তর্জাতিক ক্রেতারা এখন এক জায়গার উপর নির্ভর না করে উৎপাদন কেন্দ্র ছড়িয়ে দিতে চাইছেন বলেই এই সিদ্ধান্ত।
বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব কতটা, তা সংখ্যাতেই স্পষ্ট। এই শিল্পে কাজ করেন প্রায় ৪০ লাখ শ্রমিক। দেশটির মোট রফতানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে এই খাত থেকে। জিডিপিতেও এর অবদান প্রায় ১০ শতাংশ। শিল্প খাতে কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশও এই পোশাক শিল্পের হাত ধরে।
কিন্তু ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়েছে। অক্টোবরের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া বিক্ষোভ ৩১ অক্টোবর থেকে ব্যাপক অস্থিরতায় রূপ নেয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কারখানায় ভাঙচুর, যানবাহনে আগুন, ঢাকা ও তার আশপাশে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ, সব মিলিয়ে কার্যত অচল হয়ে পড়ে উৎপাদন। গাজিপুর ও নারায়ণগঞ্জের মতো প্রধান উৎপাদন কেন্দ্রগুলিতেও এর প্রভাব পড়ে। শত শত কারখানা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হন লাখ লাখ শ্রমিক।
এই আবহেই বড় ব্র্যান্ডগুলি বাংলাদেশ থেকে বরাত কমিয়ে দিয়েছে। দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষ, উৎপাদন খরচ বৃদ্ধি ও জ্বালানি সঙ্কট বাংলাদেশের পোশাক শিল্পকে ঝুঁকির মুখে ফেলেছে। তার সুফল পাচ্ছে ভারত। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতীয় বস্ত্র সংস্থাগুলির শেয়ার দরেও বড় উত্থান দেখা গিয়েছে। গোকলদাস এক্সপোর্টসের শেয়ার প্রায় ১১ শতাংশ বেড়েছে। ট্রাইডেন্টের শেয়ার বেড়েছে প্রায় ৫ শতাংশ। ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলের মতো সংস্থার শেয়ারও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ-র দাবি, আন্দোলনের জেরে উৎপাদন খাতে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে। সংগঠনের পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন, মজুরি, খরচ ও কাঁচামালের দাম বাড়ায় উৎপাদকদের উপর চাপ বাড়ছে। আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সময়মতো পণ্য পৌঁছে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ভারত-সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলিতে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্ভব। সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।
আল্পস অ্যাপারেলস গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, অস্থিরতার কারণে ১ নভেম্বর থেকে অধিকাংশ ক্রেতাই নতুন বরাত দেওয়া বন্ধ করে দিয়েছেন। অনেকেই আগের বরাত সরিয়ে নিয়েছেন, স্থগিত করেছেন বা বাতিল করেছেন।
এদিকে ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা আরও বাড়ছে। পোশাক-শ্রমিকদের আন্দোলনের মধ্যেই বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও অন্তর্ঘাতের ঘটনাও বাড়ছে। সব মিলিয়ে রফতানি-নির্ভর বাংলাদেশের অর্থনীতির উপর বড় ধাক্কা লেগেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।