ওঙ্কার ডেস্ক: উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত জন। মৃতদের মধ্যে ছ’জন মহিলা। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার দুপুরে ১২ জন যাত্রী নিয়ে একটি ইকো গাড়ি ২০০ থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায়। রিখনিকাল এলাকার কালওয়াড়ির কাছে দুপুর ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
ল্যান্সডাউন মহকুমার শাসক (এসডিএম) শালিনী মৌর্য জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। আহত পাঁচ মহিলাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি রিখনিকাল থেকে গন্তব্যের দিকে যাচ্ছিল। কালওয়াড়ির কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি রিখনিকাল থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। মৃতদের নাম শান্তি দেবী, রেখা দেবী (৪২), সুমিত্রা দেবী (৫০), সুনীতা দেবী (৪৫), ধনেশ্বরী দেবী (৪৬), সরোজিনী দেবী (২৮) এবং গাড়ির চালক অনিল দেবরাদা (৪৫)। মৃত ছ’জন মহিলা একটি ব্লক স্তরের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে সামিল হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেলা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। আহত পাঁচ জনকে খাদ থেকে তুলে হাসপাতালে পাঠানো হয়েছে। এই প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা।