ওঙ্কার ডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গুরুতর অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে তাঁর বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে তাঁর পরিবার। জ্বরের উপসর্গ থাকায় ৮৩ বছর বয়সী কংগ্রেস নেতাকে বুধবার বেঙ্গালুরুর রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়।
বর্ষীয়ান কংগ্রেস নেতার পুত্র প্রিয়ঙ্ক খাড়গে জানিয়েছেন, তিনি স্থিতিশীল এবং ভালো আছেন। এক্স হ্যান্ডেলে প্রিয়ঙ্ক লিখেছেন, ‘শ্রী খাড়গেকে পেসমেকার বসানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা এবং সেকারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল এবং ভালো আছেন। আপনাদের সকলের উদ্বেগ এবং শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।’ এক কংগ্রেস নেতা সংবাদ সংস্থাকে জানিয়েছে, ‘রাজ্যসভার বিরোধী দলনেতার মঙ্গলবার জ্বর এবং পায়ে ব্যথার মতো উপসর্গ অনুভূত হয়েছিল। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভালো আছেন, চিন্তার কিছু নেই। চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।’ কংগ্রেস নেতা জিএস কার্তিক প্রিয়ঙ্কের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি হাত শিবিরের বর্ষীয়ান নেতার সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক্স হ্যান্ডেলে কার্তিক লিখেছেন, ‘শ্রী খাড়গের সফল চিকিৎসা এবং দ্রুত আরোগ্যের জন্য আমাদের প্রার্থনা রইল। তিনি যেন শীঘ্রই পূর্ণ শক্তি ফিরে পান, সুস্বাস্থ্যের আশীর্বাদ লাভ করেন এবং তাঁর নিষ্ঠা ও প্রাণোচ্ছলতা দিয়ে আমাদের সকলকে অনুপ্রাণিত করেন।’
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বিহারের পাটনায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল। তাতে অংশ নিয়েছিলেন খাড়গে। আগামী ৭ অক্টোবর নাগাল্যান্ডের কোহিমা সফরে যাওয়ার কথাও রয়েছে তাঁর। তবে কংগ্রেস সূত্রে খবর, খাড়গে সুস্থ থাকলে কোহিমা সফরে যাবেন। তাঁর স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।
