হাওড়া: রাজ্যের সাইকেল প্রকল্পে বড় বদল আনল শুভেন্দু সরকার। এবার থেকে আর নবম শ্রেণি পর্যন্ত অপেক্ষা নয়, আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে উঠলেই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যের সাইকেল। হাওড়ার ব্যাঁটরায় এক অনুষ্ঠান থেকে এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘সারথি’ নামে নতুন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এতদিন যে প্রকল্পটি ‘সবুজসাথী’ নামে পরিচিত ছিল, তারই নাম পরিবর্তন করে ‘সারথি’ করা হয়েছে। নতুন লোগো প্রকাশ করেও এদিন তিনি সাইকেল বিতরণ করেন।
অনুষ্ঠান মঞ্চ থেকেই পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, আগে জলন্ধর থেকে সাইকেলের পার্টস এনে রাজ্যে জোড়া লাগানো হত। আর সেই বরাত পেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক আত্মীয়। সেই ‘সিন্ডিকেট রাজ’ এবার শেষ করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, “এ রাজ্যে যারা সাইকেল কারখানা গড়তে চাইবে, তাদের বিনামূল্যে জমি দেবে সরকার। বাংলার ছেলেমেয়েদের জন্য সাইকেল তৈরি হবে বাংলাতেই।”
শুধু সাইকেল বিতরণই নয়, পড়ুয়াদের জন্য একগুচ্ছ নতুন পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্কুলগুলিকে ধাপে ধাপে স্মার্ট স্কুলে পরিণত করা হবে। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে স্মার্ট ট্যাব। পাশাপাশি স্কুলে স্কুলে এনসিসি বাধ্যতামূলক করার ভাবনাও রয়েছে সরকারের।
পড়ুয়াদের মোবাইল আসক্তি নিয়েও সতর্ক করেন শুভেন্দু। তাঁর পরামর্শ, দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোবাইল থেকে দূরে থাকাই ভাল। পড়াশোনায় মন দাও। অনুষ্ঠানের শেষে অন্যরকম এক ছবি দেখা যায়। মঞ্চ থেকে নেমে পড়ুয়াদের সঙ্গেই মাটিতে বসে মিড-ডে মিল খান মুখ্যমন্ত্রী। মেনুতে ছিল গরম ভাত, ডাল, সয়াবিন-আলুর তরকারি ও টম্যাটোর চাটনি।