ওঙ্কার ডেস্ক: ঝাড়খণ্ডে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার ভোরে হজরিবাগ জেলার করান্ডি গ্রাম সংলগ্ন জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে খতম করা হল তিন মাওবাদী শীর্ষ নেতাকে। নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন, যাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। দীর্ঘদিন ধরেই তিনি ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মাওবাদী সংগঠনকে সক্রিয় রাখার চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশ সূত্রে খবর, ভোর প্রায় ছ’টা নাগাদ কোবরা ব্যাটালিয়ন, গিরিডি পুলিশ এবং হজরিবাগ জেলার পুলিশ যৌথভাবে অভিযানে নামে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে জঙ্গলে ঢুকতেই মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। প্রায় ঘণ্টাখানেক ধরে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিন মাওবাদী নেতার দেহ।
নিহতদের মধ্যে সহদেব সোরেন ছাড়াও রয়েছেন রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল, যিনি বিহার-ঝাড়খণ্ড বিশেষ এরিয়া কমিটির সদস্য এবং তাঁর মাথার দাম ছিল পঁচিশ লক্ষ টাকা। অন্যদিকে মারা গিয়েছেন বিয়েরসেন গঞ্জু ওরফে রামখেলওয়ান, যিনি জোনাল কমিটির সদস্য ছিলেন এবং তাঁর মাথার দাম ছিল দশ লক্ষ টাকা। তিন জনের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অভিযানে যুক্ত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সহদেব সোরেন দীর্ঘদিন ধরে মাওবাদী সংগঠনের অন্যতম কোর গ্রুপের নেতা ছিলেন। তাঁর খতম হওয়া গোটা সংগঠনের পক্ষে বিরাট ধাক্কা। এলাকায় এখনও তল্লাশি চলছে, কারণ ধারণা করা হচ্ছে আরও কিছু মাওবাদী ওই জঙ্গলে আত্মগোপন করে আছে।
