ওঙ্কার ডেস্ক: মাওবাদী সংগঠনে বড় ধাক্কা। ওড়িশা পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে ওড়িশার জঙ্গলে মৃত্যু হল শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকের। যাঁর মাথার দাম ছিল ১.১ কোটি টাকা। গণেশ ছাড়াও বৃহস্পতিবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে আরও তিন মাওবাদী নেতার।
পুলিশ সূত্রে খবর, ৬৯ বছর বয়সী গণেশ নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি ওড়িশায় অভিযানে নেতৃত্ব দিতেন। পূর্ব এবং মধ্য ভারতে একাধিক নাশকতামূলক হামলায় তিনি জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর মৃত্যু এই অঞ্চলে মাওবাদী নেটওয়ার্ককে দুর্বল করে দেবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে যৌথ বাহিনী অভিযান শুরু করে। চাকাপাড়া পুলিশ এলাকার মধ্যে কান্ধামাল-গঞ্জাম সীমান্তের রাম্ভা জঙ্গলে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। এই অভিযানে সামিল ছিল ওড়িশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এর ২০টি ইউনিট, সিআরপিএফের দুটি ব্যাটালিয়ন এবং বিএসএফের একটি টিম।
বিষয়টি নিয়ে ওড়িশার এডিজি (নকশাল বিরোধী অভিযান) সঞ্জীব পান্ডা বলেন, অভিযানটি ভোরে শুরু হয় এবং এলাকাজুড়ে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বেশ কয়েকবার গুলি বিনিময় হয়। অভিযানের পর, নিরাপত্তা বাহিনী নিশ্চিত করে যে চার মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। সকলেই ইউনিফর্ম পরেছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে শনাক্ত করা সম্ভব হয়েছে কেবলমাত্র গণেশকে।
