ওঙ্কার ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে তিনি ভূমিকা পালন করেছিলেন বলে আগে একাধিক বার দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিওর গলাতেও সেই বক্তব্যের প্রতিধ্বনি। তাঁর দাবি, নয়াদিল্লি ইসলামাবাদের মধ্যে সামরিক সংঘাত থামাতে মার্কিন যুক্তরাষ্ট্র ‘সরাসরি জড়িত’ হয়েছিল। এখানেই না থেমে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রুবিও বলেন, শান্তি রক্ষায় ট্রাম্প অঙ্গীকারবদ্ধ এবং তিনি ‘শান্তিকামী প্রেসিডেন্ট’ হতে চান। তাঁর কথায়, ‘সে কারণে আমরা দেখেছি যখন ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ল, আমরা সরাসরি যুদ্ধ থামাতে সামিল হয়েছি এবং প্রেসিডেন্ট সেই শান্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। ‘তবে ভারতের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাবিকে আগেই প্রত্যাখ্যান করা হয়েছে। ভারতের দাবি, যুদ্ধবিরতি হয়েছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। যে ঘটনায় পাকিস্তানের হাত ছিল বলে ভারতের তরফে অভিযোগ করা হয়েছিল। গত ৭ মে ভারতের সেনাবাহিনী পাল্টা আঘাত হানে। যে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। তার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। চার দিনের মাথায় ১০ দুই দেশের মধ্যে সংঘর্ষ বন্ধ হয়।
