ওঙ্কার ডেস্ক: বিবাহিত মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব না মেনে নেওয়ায় ২৫ বছর বয়সী এক মহিলাকে গুলি করে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের একটি ক্লাবের ভেতরে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক এবং তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
রিপোর্ট অনুসারে, নিহত মহিলার নাম কল্পনা। তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তুষার নামের এক যুবক। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। অভিযোগ, ১৯ ডিসেম্বর কাজে গিয়েছিলেন ওই মহিলা। ওই দিন রাত ১টার সময় কল্পনা তাঁর স্বামীকে ফোন করে জানান, যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর খবর পেয়ে তদন্তকারীরা তৎপর হন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় পুলিশের কাছে জবানবন্দি দেওয়ার মত পরিস্থিতি ছিল না কল্পনার। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মহিলার স্বামী দিল্লির নাজফগড়ের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, কল্পনা গুরুগ্রামের একটি ক্লাবে কাজ করতেন। দিল্লির সঙ্গম বিহারের বাসিন্দা তুষারের সঙ্গে তাঁর পরিচয় ছিল, ওই যুবকই গুলি করে তাঁর স্ত্রীকে খুন করেছে। তিনি আরও বলেন, ‘প্রায় এক মাস আগে তুষার আমাদের বাড়িতে এসেছিল, আমাদের সঙ্গে ঝগড়া করে চলে গিয়েছিল।’ নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে সেক্টর ২৯ থানায় এফআইআর দায়ের করা হয়। তদন্তে নেমে উত্তরপ্রদেশের বারাউত থেকে দুই অভিযুক্ত, তুষার ওরফে জন্টি (২৫) এবং তার বন্ধু শুভম ওরফে জনি (২৪)কে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা দুজনেই সঙ্গম বিহারের বাসিন্দা। তুষার জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
