নিজস্ব প্রতিনিধf, আসানসোল-চিত্তরঞ্জন: বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কেবলসের পরিত্যক্ত R&D ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার, ২৮ সেপ্টেম্বর দুপুরে রূপনারায়ণপুরের ওই বহুতল ভবন থেকে হঠাৎই কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে।
স্থানীয় সূত্রে খবর, দুপুর নাগাদ ধোঁয়া দেখে আতঙ্কিত বাসিন্দারা খবর দেন রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই খবর দেয় দমকলে। প্রথমে চিত্তরঞ্জন থেকে একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আসানসোল থেকেও দমকলের দল আনা হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ভবনের দ্বিতীয় তলায় BSNL-এর ভাড়া নেওয়া একটি দপ্তর ছিল, সেখানেই আগুনের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। যদিও কিছুদিন আগেই BSNL তাদের অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ায় বড়সড় ক্ষতি এড়ানো গেছে।
হিন্দুস্তান কেবলসের আধিকারিক আর এন ওঝা জানান, “ভবনে কোম্পানির কোনও মূল্যবান সামগ্রী ছিল না। দামি জিনিসপত্র আগেই নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।” তবে ভবনের ভিতরে থাকা কাঠ ও ফাইবারের তৈরি কেবিন, আসবাবপত্র সহ বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এমনিতেই ভবনটির অবস্থা ছিল নড়বড়ে। এই অগ্নিকাণ্ডের পর কাঠামো আরও দুর্বল ও বিপজ্জনক হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কীভাবে লাগল আগুন?
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, জনমানবহীন ওই পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলত। বাইরে থেকে ছেলেমেয়েদের আনাগোনা লেগেই থাকত। প্রাথমিক অনুমান, ফেলে যাওয়া বিড়ি-সিগারেটের টুকরো থেকেই আগুন লেগেছে, অথবা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। পুলিশ ও দমকল যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।