ওঙ্কার ডেস্কঃ পদ্মাপাড়ে দীপু দাস খুনের প্রতিবাদ ভারতেও। দীপু দাস খুনের প্রতিবাদে দিল্লির বাংলাদেশি হাইকমিশনের বাইরে উত্তেজনা ছড়াল। পুলিশি ব্যারিকেড ভেঙ্গে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুধু দিল্লি নয়, মঙ্গলবারে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের কাছে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেকবাগান চত্বর।
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল। অন্য দিকে, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের কাছে হিন্দু জাগরণ মঞ্চ এবং বজরং দল বিক্ষোভ দেখায়।
মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে হাইকমিশন চত্বর ঘেরা হয়। দিকে দিকে বসানো হয় পুলিশ ব্যারিকেড। বেলা গড়াতেই উত্তেজনা ছড়ায়। অগুনতি মানুষ জড়ো হন। মিছিল, ব্যারিকেড, স্লোগান। জমায়েতের মধ্যে ইউনূসের কুশপুতুলও পোড়ানো হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে।
দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল হয়। শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। দুপুর ২টো নাগাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যরিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। লাঠিচার্জ করে পুলিশের! বিক্ষোভকারীদের দাবি, ‘আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি।’
