কলকাতা: আগামীকাল, শুক্রবার ২ অক্টোবর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিশেষ জনকল্যাণ শিবির। কলকাতার ১৬টি বরো এবং রাজ্যের প্রতিটি ব্লকে একযোগে তিন দিন ধরে চলবে এই ‘সেবা সেতু অভিযান’।
প্রশাসন সূত্রে খবর, এই শিবির থেকে কেন্দ্রীয় সরকারের প্রায় ২০টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। তালিকায় রয়েছে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম স্বনিধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প। যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা এই শিবিরে এসে নতুন করে ফর্ম জমা দিতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই শিবির। প্রতিটি শিবিরে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা, যাঁরা ফর্ম ফিলাপ থেকে শুরু করে প্রকল্প সংক্রান্ত যাবতীয় সহায়তা করবেন। পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের তরফেও বিশেষ কাউন্টার খোলা হচ্ছে। কলকাতার ক্ষেত্রে দুটি ওয়ার্ড পিছু একটি করে সহায়তা শিবিরের ব্যবস্থা করা হয়েছে।
পুরভোটের আগে কেন্দ্র ও রাজ্যের সব প্রকল্প যাতে প্রতিটি পরিবারের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে। শিবিরের প্রচারে বিধায়কদেরও সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে এই কর্মসূচি হচ্ছে বলে সূত্রের খবর।
এদিকে শিবিরে ভিড়ের সম্ভাবনা মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কলকাতা পুরসভার অনুরোধে লালবাজারের তরফে প্রতিটি শিবিরে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। পুরসভার একাংশের আশঙ্কা, বিশেষ করে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে শিবিরে বাড়তি চাপ তৈরি হতে পারে। সেই কারণে আগে থেকেই বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।