ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষা বলার কারণে আক্রান্ত হচ্ছেন। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে তাঁদের উপর আক্রমণ করা হচ্ছে। এ বার উলটো ছবি ধরা পড়ল তামিলনাড়ুতে। সে রাজ্যে তামিল বলতে না পারায় এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠল। কোয়েম্বাটুরের কাছে কারুমাথামপট্টিতে একটি বেকারিতে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হিন্দিভাষী ওই শ্রমিককে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। গত ১৫ ডিসেম্বর ঘটনাটি ঘটলেও এটি প্রকাশ্যে এসেছে বুধবার। সমাজ মাধ্যমে হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ পাওয়ার পর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর নাম গোবিন্দ কোন্ড (২৭)। তিনি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার বাসিন্দা। তামিলনাড়ুতে একটি বেসরকারি সংস্থায় ছুতোর মিস্ত্রির কাজ করেন। গত ৯ ডিসেম্বর থেকে তিনি কারুমাথামপট্টির একটি জায়গায় থাকছিলেন। ঘটনার দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর বিকেল ৫টা নাগাদ গোবিন্দ তাঁর সহকর্মী রাকেশ (১৯)কে সঙ্গে নিয়ে চা খেতে একটি বেকারিতে যান। সেখানে দুই ব্যক্তি তামিল ভাষায় গোবিন্দকে কিছু জিজ্ঞাসা করেন। কিন্তু সেই প্রশ্নের জবাবে তিনি হিন্দিতে বলেন, তিনি তামিল ভাষা জানেন না। অভিযোগ, এই মন্তব্য করার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই সময় রাকেশকে থাপ্পড় মারে অভিযুক্তরা। গোবিন্দ তখন পরিস্থিতি সামলাতে গেলে একজন ছুরি বের করে তার বুকে আঘাত করে। শুধু তাই নয়, তার কোমরের বাম পাশে এবং হাতে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ। বেকারির কর্মীরা সেখানে হস্তক্ষেপ করলে আক্রমণকারীরা পালিয়ে যায়।
ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় গোবিন্দকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অভিযোগের ভিত্তিতে, কারুমাথামপট্টি পুলিশ একটি মামলা দায়ের করে সন্দেহভাজনদের খোঁজ শুরু করেছে।
