ওঙ্কার ডেস্ক: বয়স ছুঁয়েছে ৭২। সোজা হয়ে হাঁটতে পারেন না। সেই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ উঠল এক মহিলাকে শ্লীলতাহানি করার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুজাফফর নগরের ব্যস্ত রাস্তায় স্বাভাবিক ছন্দে চলছিল সবকিছু। কিন্তু আচমকা এক মহিলাকে অশ্লীলভাবে স্পর্শ করেন ৭২ বছর বয়সি ওই বৃদ্ধ। সেই মুহূর্তের ফুটেজ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওতে দেখা গিয়েছে ওই বৃদ্ধের পিছনে পিছনে দৌড়াচ্ছেন ওই মহিলা। তাকে চড় থাপ্পড়ও মারতে দেখা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বৃদ্ধের নাম রিয়াজ আহমেদ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলা বাজারে এসেছিলেন দরকারে। কিন্তু আচমকা এমন ঘটনায় হতচকিত হয়ে যান। পরিস্থিতি সামলে নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানান তিনি। রবিবার দুপুর নাগাদ খালাপার কোতওয়ালি থানা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সমাজ মাধ্যমে ওই বৃদ্ধের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত বৃদ্ধ ঠিক মতো হাঁটতে পারছে না। তার হাত কাঁপছে। তবে নেটমাধ্যমে অনেকে ওই মহিলার প্রশংসা করেছেন। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। সমাজ মাধ্যম ব্যবহারকারীদের মত রুখে দাঁড়িয়ে ওই মহিলা সঠিক কাজ করেছেন। নতুবা শ্লীলতাহানি করে পার পেয়ে যেত ওই অভিযুক্ত।
