নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ চব্বিশ পরগণা : নামখানার মৌসুনি দ্বীপের নদী বাঁধে বড়সড়ো ধ্বস, আতঙ্কে এলাকাবাসী।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ও দমকা হাওয়ার জেরে নামখানার মৌসুনি দ্বীপের নদী বাঁধে বড়সড় ধ্বস। বৃহস্পতিবার সকালে মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়াতে বড়তলা নদী বাঁধে বড়সড় ধ্বস দেখা যায়। প্রায় দেড় কিলোমিটার নদী বাঁধে ধ্বস,যদিও প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি মেরামতের কাজ শুরু করা হয়। কিন্তু তা সত্ত্বেও আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের। কারণ সামনেই রয়েছে অমাবস্যার কোটাল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দেড় কিলোমিটার নদী বাঁধ ভেঙেছে। প্রায় ৫০ ফুটের মতো নদী বাঁধের মাটি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, নদী বাঁধে কাজ করার নামে জিও চট তুলে নেওয়ার জন্য কার্যত বাঁধের মাটি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় পাকাপোক্ত স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করতে হবে।
এ বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতি সদস্য বিশ্বজিৎ নাইয়া বলেন, আপৎকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে নদী বাঁধটি ভেঙে গিয়েছে। আমরা ওই জায়গার স্থায়ী নদীবাঁধের জন্য প্রস্তাব দিয়ে রেখেছি। আশা করি খুব শীঘ্রই কাজ শুরু হবে।
