ওঙ্কার ডেস্কঃ পুলিশ মাসোহারা নেয়। সেই টাকা যায় কালীঘাটেও। সম্প্রতি ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রকাশ্য জনসভায় এই অভিযোগ তোলায় এবার আইনি নোটিশের মুখে বিজেপি বিধায়ক। এই ঘটনার তদন্তে নেমেছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
সম্প্রতি ময়নায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিন্দা অভিযোগ করেন, এলাকায় পুলিশ নিয়মিত তোলা আদায় করছে। সেই মাসোহারা নাকি পুলিশ সুপারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সরাসরি ‘কালীঘাটে’। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়।
পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, “সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি এসেছে, সেখানে এক সম্মানীয় জনপ্রতিনিধি দাবি করেছেন পুলিশ বিশেষ পেশার মানুষের কাছ থেকে মাসোহারা নিচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এবং সঠিক তথ্য জনসমক্ষে আনার স্বার্থে বিধায়ক অশোক দিন্দাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিধায়কের পক্ষ থেকে একটি আবেদনে জানানো হয়েছে যে, তিনি এখন হাজিরা দিতে পারবেন না। তাই কিছুটা অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। তবে পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে।
