নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাতসকালেই খুন শহরের বুকে। জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকায় একটি পাউরুটি বেকারির ভিতর থেকে উদ্ধার ম্যানেজারের ক্ষতবিক্ষত মৃতদেহ। জানা গিয়েছে, মৃতের নাম হাফিজুল রহমান (৬০)। তাঁর আদি বাড়ি হুগলির পরশুরা এলাকায়। দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ির ওই বেকারিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। আজ সকালে এই ঘটনা দেখে আতঙ্কে বেকারির বাকি কর্মচারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বেকারি খুলতে গিয়ে কর্মীরা ভিতরে হাফিজুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি পরিকল্পিত খুন। বেকারির এক কর্মী শেখ জাহাঙ্গীর আলী জানান, “বেকারির একদিকের ভেন্টিলেটর ভাঙা রয়েছে। মনে হচ্ছে ওটা দিয়েই আততায়ী ভিতরে ঢুকেছে। ভিতরে টাকা রাখার ড্রয়ারও ভাঙা অবস্থায় পড়ে আছে।” ফলে লুটপাটের উদ্দেশ্যেই খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বেকারির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জনবহুল এলাকায় এই খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নয়াবস্তি জুড়ে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।