নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগ। গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। পূর্বতন সরকারের আমলে পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরেই পিংলা বিধানসভার মাদপুরে অজিতের বাড়িতে হাজির হয় পুলিশ। সকালেই তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে ডেবরা থানায় রাখা হয়েছে। আজই তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে।
অভিযোগকারী গোবিন্দ দাস, বর্তমানে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি। তাঁর অভিযোগ, তৃণমূল জমানায় পদ পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন অজিত মাইতি। সেই অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ গোবিন্দ দাস। তিনি জানিয়েছেন, দলের অনুমতি ছাড়া তিনি কিছু বলবেন না।
অন্যদিকে গ্রেফতারির পর অজিত মাইতির দাবি, “এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। পুলিশ-প্রশাসনের প্রতি আমার আস্থা আছে।”
উল্লেখ্য, অজিত মাইতি পিংলার প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। এবার তাঁকে সোজা গ্রেফতার করল পুলিশ।