নিজস্ব সংবাদদাতা:নদীয়ায় জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ।
ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর নিমতলা পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত শিশুর নাম অয়ন মুন্ডা। প্রতিবেশীরা জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে ওই শিশু খেলার ছলে বাড়ির বাইরে বেরিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরের জলে স্নান করতে নামে, এরপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পুকুরের জলে তলিয়ে মারা যায় ওই শিশুটি।
এরপর বেশ খানিকটা সময় বাদে পুকুরের জলে শিশুটিকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। এরপর তড়িঘড়ি শিশুটিকে জল থেকে তুলে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
ছেলের মৃত্যুতে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। মৃত শিশুটির বাবা কৌশিক মুন্ডা দিনমজুরের কাজ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ছেলেটি কখন পুকুরের স্নান করতে গেছে তারা সেটা জানে না। স্বাভাবিকভাবেই পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।
