ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘানা সফরের উদ্দেশে রওনা দিলেন। ঘানার পাশাপাশি আরও চার দেশে যাবেন মোদী। তিন দশক পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি ঘানা সফর। এই সফরে ৮ দিন দেশের বাইরে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। দীর্ঘ ১০ বছরের শাসনকালে যা তাঁর দীর্ঘতম বিদেশযাত্রা।
এই সফরে ঘানার পর প্রধানমন্ত্রী মোদী যাবেন ত্রিনিদাদ-টোবাগোতে, এর পর আর্জেন্টিনা, ব্রাজিল ও নাম্বিয়ায় যাবেন মোদী। আগামী ৬ ও ৭ জুলাই ব্রাজিলে আয়োজিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। সেই সম্মেলনের ঘোষণাপত্রে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং সন্ত্রাসে পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি নথিভুক্ত করতে চান ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত সপ্তাহে এসসিও দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ছিল। সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্মেলনের ঘোষণাপত্রে পহেলগাঁও কাণ্ডের নিন্দা অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তা না হওয়ায় ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি রাজনাথ।
ব্রিকস সম্মেলনে এবারে যোগ দিচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে পাকিস্তান ব্রিকসের সদস্যভুক্ত দেশ নয়। তাই আন্তর্জাতিক মঞ্চে পহেলগাঁও কাণ্ডের জন্য নিন্দা নথিভুক্ত করতে চাইছে ভারত। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেটি সম্ভব হতে পারে। অন্য দিকে এদিন সমাজ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আগামী কয়েকদিন, আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় বিভিন্ন দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দেব। বিশ্ব নেতাদের সঙ্গে আলাপচারিতায় গোটা বিশ্বকে আরও এগিয়ে নিতে আলোচনা জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
