ওঙ্কার ডেস্ক: শারদোৎসবের সূচনা এবার হতে চলেছে নজিরবিহীন আয়োজনে। মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দুর্গাপ্রতিমার চক্ষুদানের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক সূচনা হবে।
আকাশে দেখা যাবে ড্রোনের আলোকমালা। তার সঙ্গে চলবে মাতৃবন্দনার আবহ। ইডেনের মঞ্চে প্রধানমন্ত্রীর হাতে হবে দেবীর চক্ষুদান। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে।
ওই দিন কলকাতার রাস্তায় হবে রোড শো। আলোকসজ্জায় সাজানো রেড রোডে হবে বিশেষ পুজোর শোভাযাত্রা। সেখানে বাংলার ২৩টি জেলার প্রতিনিধিত্ব করবে ২৩ ধরনের নৃত্য ও লোকশিল্প। নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইডেনে প্রবেশ করার সময় তৈরি হবে বিশেষ আবহ। এক হাজার মহিলা একসঙ্গে উলুধ্বনি দেবেন। একই সময়ে বাজবে প্রায় ১০ হাজার ঢাক। এই আয়োজন নজির গড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে পারে বলেও আশা করা হচ্ছে।
ইডেন স্টেডিয়াম পরিক্রমার সময় পুজোর গান পরিবেশন করবেন শিল্পী শ্রেয়া ঘোষাল। অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনা রয়েছে। নবান্ন সূত্রের দাবি, গোটা অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। কর্মসূচির খুঁটিনাটি নিয়েও হয়েছে বৈঠক। শেষ মুহূর্তে সামান্য পরিবর্তন হতে পারে। তবে মূল পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত।