ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অসমের নিমালিগড়ে একটি ইথানল প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে জানান, ভারত ক্রুড তেল ও গ্যাস আমদানির উপর নির্ভরতা কমাতে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, দেশের অর্থনীতি দ্রুত অগ্রগতির পথে থাকলেও তেলের মতো প্রাথমিক জ্বালানি ক্ষেত্রে বিদেশের উপর নির্ভরতা এখনও বড় চ্যালেঞ্জ। দেশে বিদ্যমান খনিজ সম্পদের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, পাশাপাশি বিকল্প জ্বালানির ব্যবহার প্রসারিত করার ওপর প্রধানমন্ত্রী জোর দেন।
নিমালিগড়ের ইথানল প্ল্যান্ট কয়েক বছর আগে নির্মাণ শুরু হলেও সোমবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের প্রকল্প কেবল তেলের উপর নির্ভরতা কমাবে না, গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের আয় বাড়াতেও সহায়ক হবে। আখ ও ভুট্টার মতো শস্য থেকে উৎপন্ন ইথানল সরাসরি তেলের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে, ফলে দেশের কৃষি ও জ্বালানি নীতির মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, আসন্ন বছরগুলোতে দেশীয় খনিজ তেলের অনুসন্ধান আরও বাড়ানো হবে এবং সমুদ্রতল ও অজানা ভান্ডার কাজে লাগানো হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌর, বায়ু ও বায়োফুয়েল ক্ষেত্রেও বিনিয়োগ ও গবেষণা জোরদার করা হবে। স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য নিমালিগড়ের ইথানল প্ল্যান্টকে প্রধানমন্ত্রী এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
কিন্তু এই সবের মধ্যে প্রশ্ন উঠে আসছে কেন মোদী জ্বালানির জন্য অন্য দেশের উপর নির্ভিরতা কমাতে চাইছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শুল্কচাপের আবহে নিজের ভোল বদল করছে কি মোদী টা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। আসলেই কি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমাতে পারে নয়া দিল্লি। প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপের দিকে নজর বিশেষজ্ঞ মহলের।
